টানা ব্যর্থতায় নারী ক্রিকেট দলকে ঢেলে সাজাতে উদ্যোগী বিসিবি
ক্রমাগত ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টে আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হওয়ায় নিগার সুলতানা জ্যোতিদের সামর্থ্য নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। এশিয়া কাপ, এশিয়ান গেমস কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজ—কোথাও নিজেদের মেলে ধরতে পারেনি দলটি। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফিতেও সুপার সিক্স নিশ্চিত করতে না পারায় হতাশা আরও ঘনীভূত হয়েছে।
মাঠের এই ব্যর্থতার দায় নিয়ে ইতোমধ্যে প্রধান কোচ সারওয়ার ইমরান চাকরি হারিয়েছেন। তবে তার জায়গায় দায়িত্ব নেওয়া ডেভিড হেম্পও এখন পর্যন্ত প্রত্যাশিত সাফল্যের দেখা পাননি। দলের এমন করুণ দশায় উদ্বেগ প্রকাশ করে নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমি নিজেও বুঝতে পারছি না কেন এমন ফলাফল আসছে। আমি দ্রুতই ক্রিকেটার, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্টদের সঙ্গে বসবো। সকলের কাছে জানতে চাইবো দলের এই পরিস্থিতির কারণ কী এবং উত্তরণের উপায় কী হতে পারে। ব্যর্থতার দায়ে প্রধান কোচের চাকরি গেছে, বদলেছে কোচিংয়ের দায়িত্বও। ক্রিকেটার, কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে সমস্যা চিহ্নিত করার পাশাপাশি ফিটনেসের ব্যাপারেও কঠোর হতে চায় বোর্ড। পরিসংখ্যানও নারী দলের দুরবস্থার চিত্র তুলে ধরছে।
পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে নারী দলের পারফরম্যান্স চরম হতাশাজনক। ওয়ানডে ফরম্যাটে শেষ ১৫ ম্যাচের ১২টিতেই হেরেছে বাংলাদেশ, বিপরীতে জয় এসেছে মাত্র দুটিতে। টি-টোয়েন্টিতেও একই সংখ্যক ম্যাচে ৯ হারের বিপরীতে জয় মাত্র পাঁচটি। এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে গ্রুপপর্বে হেরে সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে পরাজয় বরণ করে জ্যোতিরা। এরপর এশিয়ান গেমসে ভারতের কাছে সেমিফাইনালে হারার পর ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে ২০১০ সালের পর প্রথমবারের মতো পদকহীন অবস্থায় ফিরতে হয় দলকে। এর পরপরই অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে একইসংখ্যক ম্যাচে হার ৯টিতে, জয় পাঁচটি। ফলে ২০১০ সালের পর প্রথমবার পদক ছাড়াই ফিরতে হয় নারী ক্রিকেট দলকে।
নতুন কোচ ডেভিড হেম্প মনে করেন, ক্রিকেটারদের সক্ষমতা থাকলেও আত্মবিশ্বাসের বড় অভাব রয়েছে। খেলোয়াড়দের নিজেদের ওপর বিশ্বাস ফিরয়ে আনা এবং ফিটনেস উন্নয়নই তার এখনকার প্রধান লক্ষ্য। বিসিবিও ফিটনেস নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে। রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, নিউজিল্যান্ড সিরিজ থেকে ফেরার পর দলের প্রত্যেক ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। এখন থেকে জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। বোর্ডের লক্ষ্য একটাই, সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার পর মাঠে পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে। একই সঙ্গে ফিটনেস উন্নয়নেও কাজ করছেন তিনি।

























