ইরানের সিরিক শহরে মধ্যরাতে নিরাপত্তা ঘটনায়, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
হরমুজ প্রণালির সন্নিকটে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে আকস্মিক হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই গুরুত্বপূর্ণ শহরটিতে ‘শত্রুপক্ষের’ হামলা চালানো হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে বা কী ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানি সংবাদ সংস্থা ইরনা এবং রাষ্ট্রীয় অন্যান্য গণমাধ্যমের তথ্যমতে, হামলার পরপরই ওই এলাকায় দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। সরকারি সূত্রগুলোর বরাতে জানা গেছে, এটি সামরিক প্রকৃতির একটি অভিযান ছিল। তবে এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কিনা, সে সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। ঘটনাটি গভীর রাতে সংঘটিত হয়েছে বলে আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইরনা’র বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগেই (গভীর রাতে) হামলাটি হয়েছে। তাসনিম প্রথমে জানায়, বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী এই নৌপথটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান রুটগুলোর মধ্যে অন্যতম। এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
হামলাকারীদের পরিচয় নিয়ে ধোঁয়াশা থাকলেও বিশ্লেষকদের অনেকে মনে করছেন, তেহরান ও ওয়াশিংটনের দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করা হয়ে থাকতে পারে। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রাথমিক তথ্যানুযায়ী, এলাকাটিতে কোনো সামুদ্রিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণেও এই বিস্ফোরণগুলো ঘটে থাকতে পারে বলে কয়েকটি সূত্র ধারণা করছে। তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো নিশ্চিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত সিরিক শহরটিতে নিরাপত্তা পরিস্থিতি এখন পর্যন্ত উদ্বেগজনক রয়ে গেছে। একদিকে সামরিক হামলার দাবি এবং অন্যদিকে বিশ্ববাজারে তেলের দামের উর্ধ্বগতি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। এ বিষয়ে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহলগুলো।























