নিজের উত্তরসূরি নিয়ে মুখ খুললেন ট্রাম্প, কাকে পছন্দ তার
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির হতাশাজনক ফলের দায়ভার ব্যক্তিগতভাবে নিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রিপাবলিকান প্রার্থীরা তার ব্যক্তিগত জনপ্রিয়তার সুযোগকে নির্বাচনি প্রচারে সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার উত্তরসূরি কে হতে পারেন এবং তিনি কাকে সমর্থন দেবেন, তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও ট্রাম্প বিভিন্ন দিক ইঙ্গিত করেছেন।
সম্ভাব্য প্রার্থী হিসেবে ভ্যান্সকে সমর্থন দেওয়ার বিষয়টি অবধারিত নয় বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘সম্ভবত সমর্থন দেব, তবে তা নিশ্চিত নয়।’ প্রেসিডেন্ট পদের দৌড়ে নিজের জড়িত থাকার বিষয়ে তিনি আরও কিছুটা সতর্ক অবস্থান ব্যক্ত করে বলেন, ‘হয়তো এই পুরো প্রক্রিয়া থেকে দূরে থাকাই আমার জন্য বেশি সমীচীন হবে।’
তবে উত্তরসূরি হিসেবে নিজের পছন্দের তালিকায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বেশ গুরুত্ব দিয়েছেন ট্রাম্প। রুবিওর প্রশংসা করে তিনি বলেন, ‘মার্কো অসাধারণ একজন মানুষ এবং তিনি তার দায়িত্ব দারুণভাবে পালন করছেন। যাদের নাম নিয়ে আলোচনা হচ্ছে, তাদের মধ্যে তিনি অন্যতম। তবে আরও অনেকেই আছেন, যাদের নাম এখন প্রকাশ করতে চাই না।’ পাশাপাশি দলের বেশ কয়েকজন সিনেটরকেও তিনি চমৎকার ও পছন্দের ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন।
রিপাবলিকান পার্টির ভেতরে নিজের প্রভাব নিয়ে ট্রাম্প বেশ আত্মবিশ্বাসী। তিনি মনে করেন, তার সমর্থনের বিশাল গুরুত্ব রয়েছে এবং এটি নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার সক্ষমতা রাখে। ট্রাম্প বলেন, ‘আমি কাউকে সমর্থন দিলে তা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে, এটি অতীতেও প্রমাণিত হয়েছে।’ আগামী দিনে রিপাবলিকান পার্টিতে নতুন নেতৃত্ব খোঁজার প্রবণতা থাকলেও ট্রাম্পের প্রভাব যে দলের ভেতরে এখনও অটুট, সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে তার কথায়।






















