রাঙ্গুনিয়ায় আমনের বাম্পার ফলন, ন্যায্য দাম নিয়ে কৃষকের দুশ্চিন্তা
দেশের দ্বিতীয় বৃহত্তম বিল হিসেবে পরিচিত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিলে এবার ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। প্রতিকূল আবহাওয়া কাটিয়ে এবারের অনুকূল পরিবেশের কারণে ফসলের মাঠজুড়ে বাম্পার ফলন দেখা দিয়েছে। শুধুমাত্র গুমাই বিল নয়, উপজেলার নোয়াগাঁও, তলয়ভাঙা, পোমরা, বেতাগী, পারুয়াসহ বিভিন্ন এলাকার ফসলি জমিতে এখন ধান কাটার ধুম পড়েছে। মাঠজুড়ে পাকা ধানের সুবাস ছড়িয়ে পড়েছে এবং বৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গুমাই বিল ছাড়াও উপজেলার অন্যান্য বিল ও কৃষিজমিতে আমনের ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। সরেজমিন দেখা যায়, উপজেলার গুমাই বিল, নোয়াগাঁও বিল, তলয়ভাঙা বিল, পোমরা, বেতাগী, পারুয়া, দক্ষিণ রাজানগর, রাজানগর, কোদালা, শিলক, পদুয়া বিলসহ উপজেলার বিভিন্ন বিলে আবাদকৃত ধান পেকেছে। মাঠজুড়ে পাকা ধানের মিষ্টি গন্ধের সুবাস মাঠ ছাড়িয়ে জনপদে ছড়িয়েছে। সৃষ্টিকর্তা সহায় হলে এ বছর ভালো লাভ হবে বলে প্রত্যাশা করছেন।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, রাঙ্গুনিয়ায় এবার মোট ১৫ হাজার ৪৫৭ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৫০ হেক্টর জমির ধান ইতিমধ্যে কাটা সম্পন্ন হয়েছে। ফলনের হারে সন্তোষ প্রকাশ করে কর্মকর্তারা জানান, উফশী জাতের ধান প্রতি হেক্টরে ৫ দশমিক ৬ থেকে ৬ দশমিক ২ টন এবং হাইব্রিড জাতের ধান ৬ দশমিক ৫ থেকে ৮ দশমিক ৭ টন পর্যন্ত উৎপাদিত হচ্ছে। গুমাই বিলের ৩ হাজার ৫০০ হেক্টর জমির মধ্যে এখন পর্যন্ত ৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। থেমে থেমে বৃষ্টিপাত ও রোগবালাই কম হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছেন কৃষি কর্মকর্তারা।
ফলন ভালো হলেও কৃষকদের মধ্যে আর্থিক লোকসানের আতঙ্ক দেখা দিয়েছে। গুমাই বিলের পাঠানপাড়া চৌধুরী গুট্টার কৃষক রহিম উদ্দীন জানান, এবার পোকা-মাকড়ের আক্রমণ না থাকায় ধানের সার্বিক পরিস্থিতি বেশ ভালো। তবে ছয় কানি জমিতে ধান চাষ করে তিনি উৎপাদন খরচ নিয়ে চিন্তিত। কৃষকদের অভিযোগ, সারের উচ্চমূল্য, শ্রমিকদের চড়া মজুরি এবং সেচ ও জ্বালানি বাবদ খরচ অনেক বেড়ে গেছে। বর্তমানে এক কানি জমিতে প্রায় ২৭ হাজার টাকার বেশি খরচ হলেও, বর্তমান বাজারদর অনুযায়ী তা থেকে ২০ হাজার টাকার বেশি পাওয়া দুষ্কর। তবে সারের দাম বেশি, শ্রমিকের চড়া মজুরি এবং সেচের জন্য বাড়তি দামে জ্বালানি কিনতে হয়েছে।
মরিয়ম নগর ইউনিয়নের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার শীল জানান, মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি এবং সঠিক পরামর্শের কারণে রোগবালাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন ঘরে তোলার সম্ভাবনা প্রবল। একই সুর শোনা গেল উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলালের কণ্ঠেও। তিনি জানান, কৃষকদের কঠোর পরিশ্রম, সঠিক সময়ে কীটনাশক ও প্রাকৃতিক পদ্ধতি ব্যবহারের ফলে প্রত্যাশার চেয়েও ভালো ফলন পাওয়া যাচ্ছে। কিন্তু কানিতে ফলন ১২০-১৩০ আড়ি (এক আড়িতে ১০ কেজি) পাওয়া যাচ্ছে। সঠিক সময়ে সার ও বালাইনাশক ব্যবহার করার ফলে আমন ধানে রোগ ও পোকার আক্রমণ নেই বললেই চলে। আমরা নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদের সঠিক পরামর্শ দিয়েছি এবং কৃষকরাও পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।
উত্পাদন খরচের তুলনায় ধানের বাজারদর কম হওয়ায় কৃষকরা এখন চরম আর্থিক সংকটের মুখে পড়ার আশঙ্কা করছেন। তারা সরকারকে অনুরোধ জানিয়েছেন, ধান সংগ্রহের ক্ষেত্রে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দেওয়ার জন্য। এছাড়া বাজার নিয়মিত তদারকি করা এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার মাধ্যমে চাষিদের ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক সমাজ। কৃষকরা জানিয়েছেন, এবার আবহাওয়া অনূকুলে ছিল, পর্যাপ্ত বৃষ্টিপাতও হয়েছে।
























