উত্তরা থেকে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের পর তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা তিন নম্বর সেক্টরের দুই নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুরুল ইসলাম নাহিদের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বাম ঘরানার রাজনীতি দিয়ে।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে সিলেট-৬ আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। পরবর্তীতে ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এরপর টানা ৭ম, ৯ম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পদত্যাগ করলে পরদিন রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করেন, ফলে নাহিদ সংসদ সদস্য পদ হারান।
এর আগে গত ১২ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চেয়ে নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেয়। প্রাথমিক অনুসন্ধানে কমিশন দাবি করে, সাবেক এই মন্ত্রীর নামে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে। দুদক আইনের আওতায় তাদের প্রকৃত সম্পদ ও আয়ের উৎস চিহ্নিত করতে শিগগিরই সম্পদ বিবরণী দাখিলের আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।























