আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে।
মাদকদ্রব্য পাচার রোধ ও সীমান্ত সুরক্ষায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে বর্ডার ফেন্সিং নির্মাণ এবং বিদ্যমান ব্যবস্থার আধুনিকায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে ঝুঁকিপূর্ণ রুটগুলো চিহ্নিত করার পাশাপাশি বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় বৈঠকে।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় মাদক উৎপাদন ও সরবরাহের মূল উৎসগুলো ধ্বংস করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধী চক্রগুলোর অর্থ লেনদেন ও নেটওয়ার্ক অনুসন্ধানে গুরুত্ব দেন তিনি। সভায় মাদকবিরোধী কর্মকাণ্ডে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশও করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়ে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত বিশ্বের আদলে আমাদের সীমান্তেও অত্যাধুনিক প্রযুক্তি ও ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে। অপর হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মন্তব্য করেন, মাদকের বিস্তার রোধে কেবল প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য সবার আগে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব, যা একক কোনো বাহিনীর ওপর চাপিয়ে দেওয়া সম্ভব নয়।
উক্ত সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কমিটির সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশ নেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























