অর্থায়নের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্রের ডিএফসি
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের পথ সুগম করেছে। এখন থেকে দেশের জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামোগত গুরুত্বপূর্ণ খাতে সংস্থাটির বিনিয়োগ সুবিধা পাওয়া যাবে। সোমবার (১৬ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় ডিএফসি। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাহিদা মেটাতে এবং বেসরকারি বিনিয়োগের পরিধি বাড়াতে এই সিদ্ধান্ত সহায়ক ভূমিকা পালন করবে।
ডিএফসির অর্থায়ন সুবিধার ফলে যেসব প্রকল্প অর্থের অভাব কিংবা ঝুঁকির কারণে ঝুলে ছিল, সেগুলো বাস্তবায়ন সহজতর হবে। এই উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবার মানোন্নয়ন নিশ্চিত হবে বলে আশা করছে সংস্থাটি। ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাকের মতে, এই যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর হবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যগুলো অর্জন করা সহজ হবে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতার যে অঙ্গীকার যুক্তরাষ্ট্র করেছে, ডিএফসির এই অর্থায়ন তার একটি প্রতিফলন। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত মার্কিন বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছে সংস্থাটি। বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসতি এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির এই অঞ্চলে নিজেদের ব্যবসায়িক উপস্থিতি বাড়ানো এবং মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে ডিএফসি।


























