নতুন দুটি থানা ও দুটি পৌরসভা অনুমোদন দিল নিকার
দেশের প্রশাসনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনসেবা সহজতর করার লক্ষ্যে সরকার নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে। সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এর পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের বিষয়টিও চূড়ান্ত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে ভাগ করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালীর বটতলীতে নতুন ‘মাতামুহুরী থানা’ গঠন করা হবে। এছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভাজন করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় নতুন করে ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। একই জেলায় মোকামতলা পৌরসভা এবং সিলেটে জৈন্তাপুর পৌরসভা গঠনের সিদ্ধান্তও গৃহিত হয়েছে এই সভায়।
ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সাথে সঙ্গতি রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার বিষয়টি অনুমোদন পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে থানা সংক্রান্ত এসব পরিবর্তন আনা হচ্ছে। অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনার ভিত্তিতে পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সদর দপ্তরটি হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপিত হবে। এছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে তৈরি করা বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।






















