ইরান যুদ্ধ থামাতে শি ও পুতিনের সঙ্গে বসতে চান ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের সাইডলাইনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ট্রাম্পের দাবি, তারা ইরানের চলমান যুদ্ধ শেষ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই লক্ষ্যে মার্কিন প্রশাসন ‘অপারেশন আয়রন গেট’ নামক একটি বিশেষ অভিযান পরিচালনা করছে। এই অভিযানের মূল উদ্দেশ্য হলো ইরানের স্থলপথ দিয়ে সব ধরনের পণ্য ও সরবরাহ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া। ট্রাম্প জানান, স্থলপথের পাশাপাশি নৌপথের অবরোধের কারণেও দেশটিতে নতুন করে কোনো পণ্য ঢুকতে পারছে না, যা দেশটিকে কার্যত অবরুদ্ধ করে ফেলেছে। তিনি বলেন, ‘এর অর্থ হলো, স্থলপথে কিছুই প্রবেশ করতে পারবে না।
উল্লেখ্য যে, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেক জোটের সদস্য সংখ্যা বর্তমানে ২১টি। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডার মতো দেশগুলো এর সদস্য। এই জোটের সদস্যদেশগুলোর নেতারা নিয়মিত বার্ষিক সম্মেলনে মিলিত হন এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।






















