নারায়ণগঞ্জে শ্রমিক লীগ নেতা ও তাঁর ভাই গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগের ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) এবং তাঁর বড় ভাই আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান (৬০)। রোববার দিবাগত রাত দেড়টার দিকে দাপা ইদ্রাকপুরের বেপারীপাড়া এলাকায় তাঁদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছেন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় পুলিশের একাধিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। হুমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। অন্যদিকে তাঁর বড় ভাই হাবিবুর রহমান ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বিদেশে অবস্থানরত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে গেলেও এই দুই ভাই নিজ বাড়িতেই ছিলেন। প্রথম দিকে তাঁরা আত্মগোপনে থাকলেও পরবর্তী সময়ে প্রকাশ্যে চলাফেরা শুরু করেন। স্থানীয় সূত্র জানায়, হুমায়ুন কবির প্রতিদিন স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের একটি দোকানে দীর্ঘ সময় আড্ডা দিতেন। এভাবেই তাঁরা প্রকাশ্যে চলাফেরা করে আসছিলেন। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, হুমায়ুন কবির প্রতিদিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ফটকসংলগ্ন একটি দোকানে দিন ও রাতে দুই দফায় মোট সাত থেকে আট ঘণ্টা বসে সময় কাটাতেন।
পুলিশের ভাষ্যমতে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও নাশকতাসহ বৈষম্যবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তাঁর ভাই হাবিবুর রহমানের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এই মামলার সূত্র ধরেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।




















