স্পেনে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি ৬৮, তিন দিনের শোক ঘোষণা
স্পেনের টোলেডো প্রদেশের উরদা শহরের কাছে দ্রুতগতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। বুধবারের এই দুর্ঘটনায় ১০৭ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক এই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিগুলোর ভেতর নিবিড় তল্লাশি অব্যাহত রেখেছেন। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের প্রধান এমিলিয়ানো গার্সিয়া-পেজ আশঙ্কা প্রকাশ করেছেন যে, বগির একেবারে নিচের অংশে পৌঁছানো সম্ভব না হওয়ায় মৃত্যুর তালিকা আরও দীর্ঘ হতে পারে। উদ্ধারকর্মীরা এখনও লাইনচ্যুত বগিগুলোর ভেতরে তল্লাশি চালাচ্ছেন।
স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে দুর্ঘটনাকবলিত পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে আটটার দিকে সিগন্যাল সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে বেশ কয়েকটি ট্রেন স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। এই ত্রুটির পর মাদ্রিদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে রেনফে কোম্পানির একটি ট্রেনকে স্বাভাবিক গতিতে এগিয়ে যাওয়ার ভুল নির্দেশনা দেয়া হয়। অথচ ওই লাইনে ট্রেনের থামার সংকেত ছিল। এই নির্দেশ পাওয়ার পর রেনফের ট্রেনটি প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে দাঁড়িয়ে থাকা ইরিও কোম্পানির আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। পরিবহনমন্ত্রী একে নিয়ন্ত্রণ কক্ষের একটি অকল্পনীয় ও গুরুতর ভুল হিসেবে অভিহিত করেছেন।
দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। ঘটনার শুরুতেই এক কর্মীর ভুলে এটি ঘটেছে বলে ধারণা করা হলেও, বর্তমান তথ্যে কমান্ড সেন্টারের গাফিলতির বিষয়টি সামনে এসেছে। চলতি বছর স্পেনে এটি দ্বিতীয় বড় ট্রেন দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতে একই রুটে দুই ট্রেনের সংঘর্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছিল। মাত্র এক বছরের ব্যবধানে দুটি ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তিতে স্পেনের রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে তীব্র সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে।
এই ঘটনার জেরে আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশটিতে রাজনৈতিক উত্তাপও বৃদ্ধি পেয়েছে। বিরোধী দলীয় নেতা আলবার্তো নুনেজ ফেইজো স্পেনের পুরো রেল নেটওয়ার্কের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি স্বাধীন পর্যালোচনার জোরালো দাবি জানিয়েছেন। এছাড়া এই শোকাবহ পরিস্থিতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের নির্ধারিত সব ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে।



















