ইরানে ফের হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ইরানে নতুন করে সামরিক হামলা চালানো হলে তা আগের আক্রমণের তুলনায় অন্তত পাঁচ গুণ বেশি শক্তিশালী হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১০ নভেম্বর) সি-স্প্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস করেছে এবং দেশটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে নির্মূল করেছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানে অটল থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। দেশটির পাহাড়ের ভেতরে থাকা পারমাণবিক স্থাপনাগুলো ফের নতুন করে কোনো কর্মকাণ্ড শুরু করলে মার্কিন বাহিনী সেগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে একই সঙ্গে ট্রাম্প দাবি করেন যে, ওয়াশিংটন তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং ইরানও সেই প্রক্রিয়ায় যুক্ত হতে চায়, যদিও প্রকাশ্যে তারা তা স্বীকার করছে না।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর সাথে চলমান কৌশল নিয়ে আলোচনার তথ্য তুলে ধরে ট্রাম্প জানান, নতুন কোনো সংঘাতের পরিবর্তে বর্তমান সামরিক কৌশল বজায় রাখার পক্ষেই তারা বেশি আগ্রহী। এই প্রসঙ্গে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নেতাদের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। সাক্ষাৎকারে তিনি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকের কথাও বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।
সব মিলিয়ে ইরানকে ঘিরে একদিকে সামরিক সংঘাতের সতর্কবার্তা এবং অন্যদিকে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা—এই দুই মেরুই উঠে এসেছে ট্রাম্পের কথায়। তবে নতুন কোনো সামরিক অভিযান পরিচালনার বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের বর্তমান কার্যক্রমের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে তার বক্তব্যে ফুটে উঠেছে।























