শেখ হাসিনাকে ফেরা নিয়ে সরকারি বক্তব্যের অসংগতি তুললেন রুমিন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইস্যু নিয়ে সরকারের নীতিনির্ধারকদের বক্তব্যে বড় ধরনের অসংগতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রশ্ন তোলেন। তিনি বলেন, দেশের বাইরে থেকেও শেখ হাসিনা বিভিন্নভাবে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন, যা গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলির মাধ্যমে স্পষ্ট। রুমিন ফারহানা বলেন, ‘‘বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’—ঠিক তেমনিভাবে শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে তার উপস্থিতি জানান দিচ্ছেন।’’। তিনি বলেন, ‘‘ গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা হচ্ছে এর সর্বশেষ উদাহরণ।
রুমিন ফারহানা অভিযোগ করেন, শেখ হাসিনার ফেরা এবং পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বয়ানে কোনো মিল নেই। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান ৩ নভেম্বর বলেছিলেন, সরকার হাসিনা নিজে ফিরুন বা ফিরিয়ে আনা হোক—তা চায় এবং তার পাসপোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন। অথচ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ৯ নভেম্বর স্পষ্ট করেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং তাকে ট্রাভেল পাসও দেওয়া হবে না। একইসঙ্গে প্রতিমন্ত্রী বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে ফেরানোর বিষয়েও কথা বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যের পার্থক্যের দিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা তিনি এখনো যাচাই করতে পারেননি এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর দাবি করেছেন, সরকার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং এখন সিদ্ধান্তের ভার ভারতের ওপর। তিনি আরও উল্লেখ করেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় হাসিনা আপিলের সুযোগ পাবেন না। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক।’’। আবেদনের আইনগত ভিত্তি দেখে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ রেখে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান।’’।
সদস্য রুমিন ফারহানা এসবের সমালোচনা করে বলেন, যেখানে উপদেষ্টা নিষেধাজ্ঞা তুলে নিতে চান, সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আবেদন যাচাই করা হয়নি। সরকারের এমন পরস্পরবিরোধী অবস্থান জনমনে বিভ্রান্তি তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন।






















