পিরোজপুরের নেছারাবাদে অনুষ্ঠিত হলো ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার সন্ধ্যায় ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হামিদা-সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান। উস্তাজুল কুররা মরহুম হাফেজ ক্বারী মো. সাইদুর রহমান এবং রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে এই সম্মেলন আয়োজন করা হয়।
সম্মেলনে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুর রহমান মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। অনুষ্ঠানে ইসলামি চিন্তাবিদ ও অতিথিরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রতি মানুষের ভীতি ও ভালোবাসা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
আন্তর্জাতিক এই আসরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্বারীরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে শ্রোতাদের মুগ্ধ করেন। অংশ নেওয়া ক্বারীদের মধ্যে রয়েছেন মিশরের ক্বারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের ক্বারী আব্দুল কবির হায়দারী, ইরানের ক্বারী ওয়াহিদ খাজায়ঈ ও দক্ষিণ আফ্রিকার ক্বারী জোবায়ের বারদাঈ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন হাফেজ ক্বারী মোহাম্মদ জাকারিয়া। এছাড়াও স্থানীয় অনেক হাফেজ ও ক্বারীগণ এতে অংশ নেন।
আয়োজকরা জানিয়েছেন, ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দেওয়া এবং বিশ্ববিখ্যাত ক্বারীদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার সুযোগ করে দেওয়াই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য। স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক মুসল্লি এ আয়োজনে অংশ নেন।






















