কুয়াকাটায় ইজিবাইক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেড়াতে এসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ গুরুতর আহত হয়েছেন। নিহত নাবিলা ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিষয়ে এমডি অধ্যয়নরত ছিলেন এবং তার স্বামী ডা. শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার স্বামী ও দুই সহকর্মীর সঙ্গে ঢাকা থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন নাবিলা। শনিবার বিকেলে তারা ইজিবাইকে করে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার দর্শনে যান। সন্ধ্যায় ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে গিয়ে একটি গাছে ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা গাড়ি থেকে ছিটকে পড়েন এবং নাবিলার মাথা ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়।
দুর্ঘটনার বিষয়ে আহত ডা. মাইনুল ইসলাম শুভ জানান, ইজিবাইকের চাকার নিচে হঠাৎ একটি বিড়াল চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি উল্টে যায়। এতে তার স্ত্রীসহ অন্যান্য আরোহীরাও আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা নাবিলাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াছ তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং নিহতের সঙ্গে থাকা ব্যক্তিদের বক্তব্য যাচাই করা হচ্ছে। নিহতের পরিচয় নিশ্চিত করার পর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে তার স্বামী চিকিৎসাধীন রয়েছেন এবং আইনি প্রক্রিয়া চলছে।




















