প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা, অভিশংসিত পেনা গৃহবন্দি
প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পেদ্রো আলিয়ানা। শুক্রবার তিনি এই পদে শপথ নেন। একই দিনে দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে গৃহবন্দি করা হয়েছে। উয়েনো নামক একটি ডিজিটাল ব্যাংকের পতনকে কেন্দ্র করে দেশটিতে তীব্র রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ঘনীভূত হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, পেনার বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। তাকে শনিবার প্রসিকিউটরের কার্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সিনেটের সর্বসম্মত ভোটে অভিশংসিত হওয়ার মাত্র এক ঘণ্টা আগে পেনার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পদক্ষেপ নেয়া হয়। দেশটির প্রায় অর্ধেক মানুষের অ্যাকাউন্ট থাকা এই ডিজিটাল ব্যাংকের সাথে পেনার বিতর্কিত সম্পৃক্ততা নিয়ে আইনপ্রণেতারা গভীর প্রশ্ন তোলেন। বৃহস্পতিবার পেনা পদত্যাগের প্রস্তাব দিলেও সিনেট তা প্রত্যাখ্যান করে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করে এবং আলিয়ানাকে রাষ্ট্রপ্রধান হিসেবে নিযুক্ত করে। পেনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ অব স্টাফসহ প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইতোমধ্যে পদত্যাগ করেছেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান কার্লোস কারভালোর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কর্তৃপক্ষ।
ব্যাংকিং খাতের এই অস্থিরতার জেরে প্যারাগুয়ের রাস্তায় সাধারণ মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিজেদের আটকে থাকা সঞ্চয় ও পেনশনের টাকা দ্রুত ফেরতের দাবিতে আমানতকারীরা কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন। যদিও পেনা নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন, তবে তার বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্ব ও পেনশন তহবিল সরানোর মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। প্রতিবেশী দেশ ব্রাজিল, যারা প্যারাগুয়ের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, এই সংকটের কারণে দেশটিতে অস্থিরতা সৃষ্টি হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।























