তিন দিনের সফরে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং
তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। আন্তর্জাতিক বিভাগের সাধারণ কার্যালয়ের উপবিভাগীয় পরিচালক ও মন্ত্রীর সহকারী লিউ চেংশিয়াও।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব. আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলাম।
বুধবার (৪ নভেম্বর) সকালে প্রতিনিধিদলের প্রধানের ব্যস্ত কর্মসূচি রয়েছে। সকাল ৮টা ২০ মিনিটে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপর সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিউ হাইশিং। এই বৈঠকে চীনা প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িনসহ পার্টির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে লিউ হাইশিংয়ের সঙ্গে থাকবেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন, জনতথ্য ও যোগাযোগ ব্যুরোর। এছাড়া প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন ইংরেজি দোভাষী শি মেইচি, আন্তর্জাতিক বিভাগের কর্মকর্তা চেন ইয়ংপেই, ঝাং গুয়ু, লিউ হংরু ও হে ইয়িইয়াং।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন চীনা মন্ত্রী। সেখানে তার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজেও তিনি অংশ নেবেন। একই দিন দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘হোয়্যার হিস্ট্রি ইলুমিনেটস দ্য ফিউচার: চায়না-বাংলাদেশ পলিটিক্যাল প্লাস’ শীর্ষক গোলটেবিল বৈঠক এবং ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’-এর উদ্বোধনী আয়োজনে তিনি যোগ দেবেন।
বিকাল পৌনে ৪টা থেকে সোয়া ৪টা পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন এবং পরে চীনা দূতাবাসের প্রাক্তন ও বর্তমান চ্যান্সারি ভবন ঘুরে দেখবেন। সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত নৈশভোজে তিনি অংশ নেবেন, যার আয়োজক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জীবিকাসহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনা মন্ত্রী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন তিনি। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করবেন।


























