যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসএ-র গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। ‘এনএসএ নেট’ নামে পরিচিত এই ব্যবস্থার মাধ্যমে সংস্থাটির কর্মকর্তারা একে অপরের সঙ্গে অতি জরুরি ও গোপনীয় তথ্য আদান-প্রদান করে থাকেন। বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি ভিন্ন ভিন্ন সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নেটওয়ার্কটির কার্যকারিতা সাময়িকভাবে বন্ধ থাকায় গোয়েন্দা যোগাযোগ ব্যবস্থায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে এই যান্ত্রিক বিভ্রাটের পেছনে এখন পর্যন্ত কোনো সাইবার হামলার আলামত পাওয়া যায়নি বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।
পরিস্থিতি সামাল দিতে এবং নেটওয়ার্কের ওপর চাপ কমাতে এনএসএ কর্তৃপক্ষ কর্মীদের অফিসে প্রবেশের সময় সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করতে বলেছে। এর উদ্দেশ্য হলো, যেন একসঙ্গে অসংখ্য কর্মী নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা না করেন। এই বিপর্যয়ের প্রেক্ষিতে সংস্থাটির পক্ষ থেকে বিস্তারিত জানার জন্য অনুরোধ জানানো হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এদিকে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে, এই বিভ্রাট সত্ত্বেও এশিয়া সফররত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে অত্যন্ত জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছাতে কোনো বাধা সৃষ্টি হবে না। প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদে যোগাযোগের জন্য সরকারের কাছে একাধিক বিকল্প ও ব্যাকআপ নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। বর্তমানে ট্রাম্প ফিলিপাইনে অবস্থান করছেন এবং তার চীন যাওয়ার কথা রয়েছে, যেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বড় বড় করপোরেট প্রতিষ্ঠান ও বিমান সংস্থাগুলোতে ধারাবাহিকভাবে প্রযুক্তিগত ত্রুটির ঘটনা ঘটছে। গত শুক্রবার রাউটারে কারিগরি ত্রুটির কারণে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সিস্টেমে বড় বিপর্যয় ঘটেছিল, যার ফলে পুরো দেশে ফ্লাইট চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল। এছাড়া গত সপ্তাহে মাইক্রোসফটের সেবায় বিভ্রাটের কারণে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা আউটলুক ও টিমস মিটিংয়ে যুক্ত হতে সমস্যায় পড়েছিলেন। একের পর এক এসব প্রযুক্তিগত অস্থিতিশীলতা জনমনে ও নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগের উদ্রেক করছে।























