কাতারে এশিয়া কাপ রাইজিং স্টারসে অংশ নেবে বাংলাদেশ দল
কাতারে আয়োজিত এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট দল দোহায় পৌঁছেছে। গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে।
দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ফেনী কাতারের নেতাকর্মী, সদস্য নজরুল ইসলাম শাহীন, রফিকুল চৌধুরী, সাইফুল ইসলামসহ ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরা। সেখানে এসোসিয়েশন অব ফেনী কাতারের সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুল আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ক্রিকেট দল তাদের নৈপুণ্যের মাধ্যমে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে। তার আগমনে কাতার আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর সুযোগ হলো।
তরুণ ক্রিকেটারদের নিজেদের দক্ষতা প্রমাণের বড় মঞ্চ হিসেবে এই আসরকে দেখছেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, এটি প্রত্যেক খেলোয়াড়ের জন্য একটি দারুণ প্ল্যাটফর্ম। এবারের আসরে দলের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। জাতীয় দলে ভবিষ্যতে খেলতে পারবেন এমন খেলোয়াড়দের নিয়েই দলটি গঠন করা হয়েছে। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন দলের সাথে কাতারে এসেছেন এবং প্রবাসী বাংলাদেশিদের মাঠের গ্যালারিতে এসে তাদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ফেনীর ছেলে সাইফ উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশীদের কাছে অনুরোধ করবো আপনারা মাঠে এসে খেলা উপভোগ করুন ও আমাদের সাপোর্ট করেন যাতে ভাল কিছু করতে পারি।
আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে লড়াই করবে তারা। গ্রুপ পর্ব শেষে সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচগুলো ২৬ ও ২৭ নভেম্বর এবং ফাইনাল খেলাটি ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত বছর অল্পের জন্য শিরোপা হাতছাড়া হওয়ার পর, এবারের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল।

























