ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল অস্ট্রেলিয়া
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬ মাত্রার।
এই শক্তিশালী ভূকম্পনের প্রভাব ইন্দোনেশিয়ার সীমানা ছাড়িয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত অনুভূত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর তথ্যমতে, ডারউইনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে তানিমবার দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানলে অস্ট্রেলিয়ার অনেক বাসিন্দা কম্পন অনুভব করেন। অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল। এ ঘটনার পর অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ ৩৮০টিরও বেশি কম্পন অনুভবের রিপোর্ট জমা দিয়েছেন।
প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত পর্যালোচনায় ভূমিকম্পটির মাত্রা ৭.৪ বলে উল্লেখ করা হলেও পরবর্তী তথ্যে তা ৬.৬ হিসেবে নিশ্চিত করা হয়েছে। এর উৎপত্তিস্থল মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভূমিকম্পটি বেশ শক্তিশালী হলেও অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশটির মূল ভূখণ্ড বা আশপাশের দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এ অঞ্চলের ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের ঘন ঘন নড়াচড়ার কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
























