বাহরাইনে ইরানি ড্রোনের হামলার পর মার্কিন দূতাবাসের সতর্কতা
দীর্ঘ নয় মাস ধরে উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত নিরসনে নিজের শর্ত চাপাতে মরিয়া ইরান নতুন করে ড্রোন হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইনে অবস্থিত মার্কিন হেলিকপ্টার ঘাঁটিতে হামলার চেষ্টার পর ওই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তীব্র হয়েছে। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে, গত শুক্রবারের পর রোববারও কয়েকটি ইরানি ড্রোন ধ্বংস করা হয়েছে। এমন পরিস্থিতিতে বাহরাইনে থাকা মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ফ্লাইট বাতিল বা আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে দেশটির মার্কিন নাগরিকদের। উপসাগরীয় অঞ্চলে ৯ মাস ধরে চলা সংঘাত নিজেদের শর্তে সমাধানের জন্য ইরান নতুন করে ড্রোন হামলা শুরু করেছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ হামলার দায় স্বীকার করে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের কথিত আগ্রাসনের জবাব দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সাম্প্রতিক হামলার জন্য ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানালে তেহরান তা সরাসরি নাকচ করে দেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যারা আশির দশকে সাদ্দাম হোসেনকে সামরিক সহায়তা দিয়ে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিল, তাদের ক্ষতিপূরণের দাবি তোলার কোনো নৈতিক অধিকার নেই। তিনি জিসিসিকে ‘পুরোনো ক্ষত’ না জাগানোর কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। নিরাপত্তার উদ্বেগে জিসিসি সম্প্রতি কুয়েতে একটি সমন্বিত সামরিক কমান্ডের সদর দপ্তর খোলার ঘোষণা দিয়েছে।
অর্থনৈতিক অবরোধের কারণে ইরান বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ওমান বাদে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি অক্টোবরে ১ কোটি ৮৪ লাখ ব্যারেলে পৌঁছালেও, গত দুই মাসের বেশি সময় ধরে ইরান উল্লেখযোগ্য কোনো তেল রপ্তানি করতে পারেনি। এ ব্যর্থতাকে ঢাকা এবং পশ্চিমা বিশ্বের ওপর চাপ বাড়াতে ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার কৌশল বেছে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখার পক্ষে অনড় অবস্থান নিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের আলোচনা শুরুর প্রস্তাবও খারিজ করে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে নতুন করে কোনো চুক্তির প্রয়োজন নেই। মুদ্রার মান কমার পাশাপাশি গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। তবে এতকিছুর পরও ইরান আপস করতে রাজি নয়।
ইরানের ভেতরে মুদ্রাস্ফীতি ও জ্বালানি সংকট সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলছে। বন্দর আব্বাসে জ্বালানি সংকটের প্রতিবাদে বিক্ষোভের মতো ঘটনা ঘটলেও, তেহরান নমনীয় হতে রাজি নয়। মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করেছেন যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর কোনো আলোচনায় তারা যাবে না। একই সুরে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে যুদ্ধের ময়দান কোথায় হবে তা ঠিক করবে ইরানের সশস্ত্র বাহিনী।
























