হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুতে ক্ষুব্ধ গুতেরেস
ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় কারাবন্দি অবস্থায় জাতিসংঘের এক কর্মকর্তার মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। মৃত মোহাম্মদ আল-শামি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরে কর্মরত ছিলেন। এই মর্মান্তিক ঘটনার পেছনে থাকা কারণ ও পরিস্থিতি স্পষ্টভাবে জানতে জাতিসংঘ জরুরি ভিত্তিতে হুথি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসচিব আল-শামির মৃত্যুতে শোক ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মোহাম্মদ আল-শামিকে ২০২৪ সালের জুন মাসে আটক করা হয়েছিল। দীর্ঘ সময় বন্দি থাকার পরও হুথি কর্তৃপক্ষ তার স্বাস্থ্য অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রদান করেনি, এমনকি তিনি বেঁচে আছেন কিনা সেটিরও কোনো প্রমাণ জাতিসংঘের পক্ষ থেকে পাওয়া যায়নি। সংস্থাটির বারবার অনুরোধ সত্ত্বেও হুথিরা এ বিষয়ে কোনো সাড়া দেয়নি।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক কর্মী একই ধরনের পরিস্থিতিতে বন্দি অবস্থায় মারা যান। হুথিদের হাতে মোট দুজন জাতিসংঘ কর্মী এই বন্দিদশায় প্রাণ হারালেন।

















