নিরাপত্তাহীনতায় গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ
গোপালগঞ্জ রুটে যাত্রী ও পরিবহনের নিরাপত্তার কথা বিবেচনা করে খুলনা থেকে ঢাকাগামী সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালেও খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো পরিবহন ছেড়ে যায়নি। এর আগে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পরই মূলত বাস মালিকরা এই কঠোর সিদ্ধান্ত নেন। নিজস্ব প্রতিবেদক, খুলনা ||। চোখের জটিলতা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকার একজন চিকিৎসকের কাছে তার সাক্ষাতের জন্য অনুমতি রয়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী সব দূরপাল্লার বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে। শুধু ঢাকা নয়, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাসও একই কারণে চলাচল করছে না। এছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও ভাঙচুরের ঘটনার কারণে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।
সোহাগ পরিবহনের টিকিট মাস্টার আব্দুল হান্নান জানান, বুধবার বেলা সাড়ে ১২টার পর থেকেই তাদের সব ট্রিপ বাতিল করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ থেকে একটি বাস ফিরিয়ে আনা হয়। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটির বেশি এসি ও নন-এসি গাড়ির যাত্রা বাতিল করতে হয়েছে। অনেক যাত্রী টিকিট বুকিং দিলেও পরে রাস্তা ব্লকের খবর পেয়ে তাদের টাকা ফেরত দিতে হয়েছে। বিশেষ করে ঢাকার এয়ারপোর্টগামী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। সোহাগ, গ্রিনলাইন এবং গোল্ডেন লাইনসহ বিলাসবহুল গাড়িগুলো তাদের যাত্রা বাতিল করেছে। ঢাকায় পৌঁছাতে অনেক যাত্রী এসময় রেলস্টেশনে যান ট্রেন ধরতে। এতে যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে দীর্ঘক্ষণ গাড়িতে অবস্থান করতে হয়।
সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের অন্যান্য কাউন্টারের অবস্থাও একই রকম। ফাল্গুনী পরিবহনের ম্যানেজার আবিদ হাসান জানিয়েছেন, বুধবার সকালের কিছু বাস ছাড়া পাওয়ার পর বিকালের সব ট্রিপ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবারও একই পরিস্থিতি বহাল রয়েছে। গ্রিনলাইনের টিকিট বিক্রয়কর্মীরা জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার পর থেকে পদ্মা সেতু হয়ে আর কোনো গাড়ি ঢাকা অভিমুখে যাত্রা করেনি।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সুপারভাইজার শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার তাদের সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে গিয়ে দেখা যায়, কাউন্টারের সাইনবোর্ড থেকেও টুঙ্গিপাড়া নামটি মুছে ফেলা হয়েছে। মূলত করিম মোটরসের নাম থাকলেও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নাম ঢেকে দেওয়া হয়েছে। কিছু পরিবহন মালিক ঝুঁকি নিয়ে আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে বিকল্প পথে গাড়ি চালানোর প্রস্তুতি নিলেও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তা সফল হয়নি। এদিকে, কিছু পরিবহন ঢাকায় যেতে যশোর-মাগুরা রুট ব্যবহার করছে বলে জানা গেছে।
এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিফাত জানান, পারিবারিক কাজে খুলনায় এসে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে যাওয়ার জন্য টিকিট কিনতে গিয়ে তিনি আটকা পড়েছেন। জাকিরুল নামে আরেক যাত্রী জানান, চোখের চিকিৎসার জন্য বৃহস্পতিবার তার ঢাকায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। এই যাত্রা বাতিল হওয়ায় তাকে এখন তিন মাসের জন্য অপেক্ষা করতে হতে পারে। নাখালপাড়ার বাসিন্দা রুবেল জানান, কোম্পানির কাজে এসে আটকা পড়ায় তাকে বাড়তি হোটেল খরচ গুনতে হচ্ছে। কিন্তু বাসের টিকিট না পেয়ে ফিরে যেতে হয় তাকে। এখানে তার আত্মীয় স্বজন না থাকায় আবাসিক হোটেলে অবস্থান করতে হচ্ছে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বুধবার রাতে যখন নগরীর রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টারে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫০-৬০ জন যুবক সেখানে এসে টিকিট বিক্রেতাকে টুঙ্গিপাড়া লেখা সাইনবোর্ড নামিয়ে রাখার নির্দেশ দেয়। এরপর একদল যুবক কাউন্টারের ভেতর ভাঙচুর চালায়।
কাউন্টার ম্যানেজার মন্টু জানান, হামলাকারীরা ক্যাশ কাউন্টার থেকে নগদ ৫ হাজার টাকা এবং টিকিট বিক্রেতার কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা কম্পিউটারের মনিটর ও ক্যামেরা ভাঙচুর করে এবং হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়ে যায়। বর্তমানে এই রুটে চলাচলকারী সকল যাত্রীরা চরম আতঙ্কে আছেন এবং কাউন্টারগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে।
























