📅 Saturday, 28 November 2026
LIVE ইয়ুথ টেলিভিশন — অনলাইন নিউজ ও সম্প্রচার পোর্টাল
যোগাযোগ: +880 1972-084696
হোম » সম্পাদকীয়

মার্কিন শুল্কের নতুন চাপ ও বাস্তবতা, বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা

প্রকাশিত: November 28, 2026

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের যে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর, তা বাস্তবায়িত হলে দেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে তৈরি পোশাকশিল্পের জন্য এটি উদ্বেগজনক। এমনিতেই উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট, বেতন বৃদ্ধি নিয়ে অস্থিরতা, বিনিয়োগের স্থবিরতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপ সামলাতে হচ্ছে এ খাতকে। এর মধ্যে নতুন করে শুল্ক আরোপিত হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আরও কমতে পারে।

বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক রয়েছে। গত জুলাইয়ে আরও ১০ শতাংশ শুল্ক আরোপের পর মোট শুল্কের বোঝা দাঁড়িয়েছে ২৫ শতাংশে। এর সঙ্গে নতুন প্রস্তাবিত শুল্ক যুক্ত হলে রপ্তানিকারকদের ব্যয় বাড়বে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে পণ্যের দাম, ক্রয়াদেশ ও রপ্তানি আয়ে। বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোও যুক্তরাষ্ট্রের তদন্তের আওতায় থাকলেও তাদের সঙ্গে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা ও দরকষাকষির শক্তি এক নয়। ফলে পরিস্থিতি মোকাবিলায় যথাযথ কৌশল গ্রহণ অত্যন্ত জরুরি।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। এ বাজারে রপ্তানি কমে গেলে শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই ক্ষতিগ্রস্ত হবে না, কর্মসংস্থানেও পড়তে পারে নেতিবাচক প্রভাব। বিশেষ করে, বিপুলসংখ্যক শ্রমিকের জীবিকা এ শিল্পের সঙ্গে যুক্ত। তাই প্রস্তাবিত শুল্কের বিষয়টিকে নিছক বাণিজ্যিক বিরোধ হিসাবে দেখার সুযোগ নেই-এটি দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।

অর্থনীতিবিদদের পরামর্শ অনুযায়ী, সরকারের প্রথম কাজ হওয়া উচিত তথ্য-উপাত্ত ও আইনি যুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরা। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা থাকলেই কোনো দেশ অন্যায্য বাণিজ্যিক সুবিধা নিচ্ছে-এমন অভিযোগ গ্রহণযোগ্য নয়। ব্যবসায়িক বাস্তবতা ও ভবিষ্যৎ বাজারের সম্ভাবনা বিবেচনায় উদ্যোক্তারা উৎপাদন সক্ষমতা বাড়ান। অতএব, যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যথাযথ জবাব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে আমাদের দিক থেকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। শুধু মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ নয়, দেশটির সিনেট ও কংগ্রেসের নীতিনির্ধারকদের কাছেও বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরতে হবে। পাশাপাশি একই ধরনের শুল্কঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে। সম্মিলিত দরকষাকষি বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করতে পারে।

তবে কেবল শুল্ক প্রত্যাহারের চেষ্টা করলেই চলবে না। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, উৎপাদন ব্যয় হ্রাস এবং পণ্যের মান ও দক্ষতা বৃদ্ধিতেও মনোযোগ দিতে হবে। বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ছে। এ বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব মোকাবিলায় সরকার, ব্যবসায়ী ও কূটনৈতিক মহলের সমন্বিত উদ্যোগ জরুরি। মনে রাখা দরকার, সময়মতো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে বাংলাদেশের রপ্তানি খাত বড় ধরনের সমস্যায় পড়তে পারে।