📅 Thursday, 26 November 2026
LIVE ইয়ুথ টেলিভিশন — অনলাইন নিউজ ও সম্প্রচার পোর্টাল
যোগাযোগ: +880 1972-084696
হোম » জাতীয়

শক্তিশালী পাসপোর্টের সূচকে ৯ ধাপ এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: November 26, 2026

আন্তর্জাতিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটালের ২০২৬ সালের রিয়েল-টাইম পাসপোর্ট সূচকে উন্নতির দেখা পেয়েছে বাংলাদেশ। গত ২৫ নভেম্বর বুধবার প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান ৯১তম। আগের বছর ১০০তম অবস্থানে থাকা দেশটি এবার ৯ ধাপ এগিয়েছে। মূলত ভিসামুক্ত প্রবেশাধিকার, অন-অ্যারাইভাল ভিসা ও ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের (ইটিএ) ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে।

আর্টন ক্যাপিটালের ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‍্যাংক’ অনুযায়ী, ১৮২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির নাগরিকরা অনায়াসে ১৩৮টি দেশে ভিসামুক্ত এবং ৪৪টি গন্তব্যে অন-অ্যারাইভাল বা ইটিএ সুবিধায় ভ্রমণ করতে পারেন। তালিকার দ্বিতীয় স্থানে যৌথভাবে সিঙ্গাপুর ও মালয়েশিয়া এবং তৃতীয় স্থানে স্পেন রয়েছে। এছাড়া ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে জাপানসহ ইউরোপের ১৬টি দেশ—বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড। পঞ্চম অবস্থানে রয়েছে মাল্টা। সূচকে ১৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন। ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মাল্টা।

বাংলাদেশ পাসপোর্ট সূচকে ৯১তম অবস্থানে থাকলেও, ১৯৯টি দেশ ও অঞ্চলের ইন্ডিভিজুয়াল র‍্যাংকে অবস্থান ১৯০তম। বাংলাদেশের সাথে যৌথভাবে ৯১তম অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান ও ইরিত্রিয়া। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ১৫টি দেশে কোনো আগাম ভিসা ছাড়াই যেতে পারেন। পাশাপাশি ২৮টি দেশে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে। সূচক অনুযায়ী, তিন দিনের মধ্যে পাওয়া যায় এমন ই-ভিসার বিষয়গুলোও এখানে বিবেচনায় নেওয়া হয়েছে।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিসংখ্যানে বাংলাদেশের অবস্থান মোটেও শীর্ষস্থানে নেই। এই অঞ্চলের মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল পাসপোর্ট সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। তবে পাকিস্তান ও আফগানিস্তান বর্তমানে বাংলাদেশের পেছনে অবস্থান করছে। আর্টন ক্যাপিটাল গ্লোবাল ও ইন্ডিভিজুয়াল—এই দুই পদ্ধতিতে তালিকা প্রকাশ করে। গ্লোবাল র‍্যাংকে একই স্কোর পাওয়া দেশগুলোকে যৌথ অবস্থানে রাখা হলেও ইন্ডিভিজুয়াল র‍্যাংকে প্রতিটি দেশ ও অঞ্চলকে আলাদাভাবে সাজানো হয়, যা পাসপোর্টধারী নাগরিকদের জন্য গন্তব্যের সহজলভ্যতা নির্দেশ করে।