গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন একদল শ্রমিক। মিছিল নিয়ে আসা শ্রমিকরা মহাসড়কের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এ ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে।
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কোনাবাড়ী ও পল্লী বিদ্যুৎসহ আশপাশের শিল্প এলাকার বেশ কিছু পোশাক কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।
এছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বিভিন্ন এলাকায় অনেক কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
