২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন দিলো একনেক
দেশের স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকার ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার বাংলাদেশ সচিবালয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প পাঁচটি, সংশোধিত চারটি এবং একটির মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রসারে দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬০১ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় হবে।
স্বাস্থ্যখাতের উন্নতির জন্য অনুমোদিত দুটি প্রকল্পের মধ্যে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অন্যতম। পাশাপাশি যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং জাতীয় গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট ও হাসপাতালের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রকল্পের মেয়াদ চতুর্থবার বাড়ানো হয়েছে। এছাড়া যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও সংশ্লিষ্ট ভবন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং জাতীয় গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের আওতায় পাবনা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ হবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার জন্য হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণের চতুর্থ সংশোধিত প্রকল্পটিও অনুমোদিত হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয় বাস্তবায়িত কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপকূলীয় বেড়িবাঁধ ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্পটি বন্যা নিয়ন্ত্রণ ও সেচ সুবিধা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের এসব বিস্তারিত তথ্য জানান।
এ ছাড়াও ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প পরিকল্পনামন্ত্রীর অনুমোদনে বাস্তবায়নাধীন রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি আসিস্ট্যান্স প্রজেক্ট এবং কেন্দ্রীয় প্যাকিং হাউসের উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরির আন্তর্জাতিক মানোন্নয়ন উল্লেখযোগ্য।
তালিকায় থাকা অন্যান্য ছোট প্রকল্পের মধ্যে রয়েছে ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, অভ্যন্তরীণ মৎস্য জরিপ পদ্ধতির আধুনিকায়ন, ভেনম রিসার্চ সেন্টার শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন। সভায় পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
