এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
যুক্তরাষ্ট্রের ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মিডফিল্ডার কাভান সুলিভান। মেজর লিগ সকারে (এমএলএস) ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়ে নতুন ইতিহাসের সাক্ষী হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই উদীয়মান তারকা। খেলোয়াড়, গণমাধ্যম ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত তিনটি ভোটিং ক্যাটাগরির প্রতিটিতে শীর্ষে ছিলেন সুলিভান।
এমএলএস কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী, ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণ করা সেরা ফুটবলারকে এই পুরস্কার প্রদান করে। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে এই গৌরব অর্জন করে সুলিভান টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী হিসেবে নিজের নাম লিখিয়েছেন। এমএলএস ক্লাবগুলোর কারিগরি প্রতিনিধি, সংবাদমাধ্যম এবং পেশাদার খেলোয়াড়দের সম্মিলিত ভোটে এই বিজয় নিশ্চিত হয়।
পুরস্কারের দৌড়ে সুলিভান মোট ভোটের ৬৫.০৬ শতাংশ অর্জন করেছেন। তিনি ভোটিংয়ের প্রতিটি ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে ছিলেন। এর মধ্যে সংবাদমাধ্যম থেকে ৮০ শতাংশ এবং সতীর্থ পেশাদার খেলোয়াড়দের কাছ থেকে ৬০.৩৪ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি। উল্লেখ্য, ২০২০ সাল থেকে এমএলএসে এই পুরস্কারটি দেওয়া শুরু হয়, যা আগে নবাগত খেলোয়াড়দের জন্য নির্ধারিত ছিল। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এমএলএস বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হতো।
চলতি মৌসুমে নিজের প্রথম পূর্ণাঙ্গ বছরে ২৯টি ম্যাচ খেলে ২৩টি গোল তৈরিতে সরাসরি অবদান রেখেছেন সুলিভান; যার মধ্যে ৯টি গোল এবং ১৪টি অ্যাসিস্ট রয়েছে। এর মাধ্যমে কোনো কিশোর খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া টানা ১০ ম্যাচে গোলের সাথে যুক্ত থেকে তিনি এমএলএসে নতুন মাইলফলক স্থাপন করেছেন। গত সেপ্টেম্বরে লিগের মাসসেরা খেলোয়াড় হওয়ার সময়ও তিনি সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড গড়েছিলেন। নিয়মিত খেলোয়াড় হিসেবে এবার এমএলএসে নিজের প্রথম মৌসুমে ২৯ ম্যাচে ২৩ গোলে অবদান রেখেছেন সুলিভান। ৯ গোল এবং ১৪ অ্যাসিস্ট।
জাতীয় দলের জার্সিতেও সুলিভান সমান সফল। ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের সিনিয়র দলে জায়গা করে নেওয়া এই তারকা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জাতীয় দলের মূল একাদশে অভিষেক ঘটিয়েছেন। এছাড়া ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে তিনি যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার খেতাবও অর্জন করেন। তাঁর এই সাফল্যের নেপথ্যে রয়েছে পারিবারিক অনুপ্রেরণা। তিনি বাংলাদেশের বয়সভিত্তিক দলের ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের ভাই এবং তাঁদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ছেলেদের জাতীয় দলের দুই উদীয়মান সতীর্থকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেয়েছেন সুলিভান।
